মোংলায় এলএনজি স্টেশন, ২৩ কিলোমিটার পাইপলাইনে আসবে গ্যাস

মোংলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, অক্টোবরে বিশেষ অর্থনৈতিক জোনে কাজ শুরুর পরিকল্পনা

স্টাফ রিপোর্টার | ১৭ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

মোংলা: মোংলা বন্দরের অদূরে আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সেখান থেকে ২৩ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করে মোংলায় গ্যাস আনা হবে। পরে ওই গ্যাস ব্যবহার করে মোংলায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে।

রোববার বিকেলে মোংলার স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডে পৌর বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোংলায় নৌপরিবহন মন্ত্রীর আগমন উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করেন মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছেন। তিনি রাষ্ট্র ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে চান। জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

শেখ রবিউল আলম বলেন, মোংলা নদীর ওপর ১০ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু দ্রুত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। মোংলার বিশেষ অর্থনৈতিক জোনে আগামী অক্টোবরে কাজ শুরু হবে। এতে এলাকার প্রায় ৬০ হাজার মানুষের কর্মসংস্থান হবে।

তিনি আরও জানান, মোংলা বন্দরে নতুন জেটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বন্দরে কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মোংলাকে একটি ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, মোংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মোংলা উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, মোল্লারহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল কামাল কারিম।