মোহাম্মদপুরে অভিনব কায়দায় পেটের ভেতর ইয়াবা বহনকালে চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

জেনেভা ক্যাম্পে অভিযান; এক্স-রে করে উদর থেকে বের করা হয় ৭,৮০০ পিস ইয়াবা

ছবি ডিবি মিডিয়া সেল

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ৩০ নভেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিনব কায়দায় ইয়াবা বহনকালে ৭,৮০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো—
১. মোঃ সাদেক (২৪)
২. মোঃ রমজান (২৫)
৩. সৈয়দ নূর (২৫)
৪. মোঃ নাসির উদ্দিন (১৯)
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুর ২টার দিকে মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে চারজন মাদক ব্যবসায়ী পেটের ভেতর ইয়াবা লুকিয়ে ঢাকার জেনেভা ক্যাম্পে প্রবেশ করেছে। এমন তথ্য পাওয়ার পরই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাদের পেটের ভেতর ইয়াবা রয়েছে। দ্রুত তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক্স-রে করে চিকিৎসকরা তাদের পেটে বিশেষ বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে পায়ুপথের মাধ্যমে মোট ৭,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট বের করা হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।