যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পথে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ

সব আইনি প্রক্রিয়া শেষে দুবাই হয়ে দেশে পাঠানো হয়েছে মরদেহ; শনিবার সকালে পৌঁছানোর কথা

স্টাফ রিপোর্টার | ৮ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি-র মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় Orlando International Airport থেকে দুবাই হয়ে বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

গত ১ মে Hillsborough County Sheriff’s Office বৃষ্টির মরদেহ শনাক্ত করে। এরপর ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ট্যাম্পায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

এর আগে বুধবার জোহরের নামাজের পর ট্যাম্পা বে এরিয়ার Islamic Society of Tampa Bay মসজিদে বৃষ্টির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় University of South Florida-এর শিক্ষার্থী, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।