যুবদল নেতার অসুস্থ ছেলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আইসিইউতে সংকটাপন্ন রোজান, নতুন করে মাথায় রক্তক্ষরণ ও জরুরি অস্ত্রোপচার

স্টাফ রিপোর্টার, ২০ আগস্ট ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

আইসিইউতে চিকিৎসাধীন যুবদল নেতার ছেলে রোজানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে খোঁজখবর নিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন রোজানের অবস্থার মধ্যে নতুন করে জটিলতা দেখা দিয়েছে। মাথায় নতুন করে রক্তক্ষরণ হওয়ায় জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে তাকে। চিকিৎসকরা মস্তিষ্কের চাপ কমাতে ডিকম্প্রেসিভ ক্রানিয়েক্টমি করেন। এ সময় মাথার খুলির একটি অংশ সাময়িকভাবে অপসারণ করে সংরক্ষণ করা হয়েছে।

ছেলের এমন সংকটাপন্ন অবস্থায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন রোজানের বাবা। হাসপাতালের আইসিইউর বাইরে প্রতিটি মুহূর্ত তাঁর কাছে হয়ে উঠেছে অসহনীয়।

রোজানের বাবা বলেন, “আমার ছেলের মাথার খুলি আলাদা করে ফ্রিজে রাখা হয়েছে। একজন বাবা হিসেবে এই বিষয়টি মেনে নেওয়া কতটা কষ্টের, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এই অস্ত্রোপচার মস্তিষ্কের চাপ কমিয়ে জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি। কিন্তু সন্তানের শরীরের একটি অংশ আলাদা করে সংরক্ষণ করে রাখতে হয়েছে, এই বাস্তবতা একজন বাবার জন্য অত্যন্ত বেদনাদায়ক।

বর্তমানে আইসিইউতে জীবনরক্ষাকারী যন্ত্রের সহায়তায় রোজানের চিকিৎসা চলছে। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে তাঁর শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রোজানের চিকিৎসার বিষয়ে খোঁজ নেওয়ায় পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে রোজানের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর বাবা।

তিনি বলেন, “চিকিৎসকরা তাঁদের সর্বোচ্চ চেষ্টা করছেন। এখন মহান আল্লাহর রহমতই আমাদের সবচেয়ে বড় ভরসা। হে আল্লাহ, আমার কোল খালি করে দিও না। রোজানকে সুস্থ করে আমাদের বুকে ফিরিয়ে দাও।”