রাজধানীর যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোড ও নৌপথ ব্যবহারের প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

বৃত্তাকার সড়ক ও ১১০ কিলোমিটার নদীপথ চালুর মাধ্যমে যানজট কমানোর পরিকল্পনা

স্টাফ রিপোর্টার | ১ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

রাজধানীর যানজট নিরসনে বৃত্তাকার সড়ক ও নৌপথের কার্যকর ব্যবহারে অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সড়ক ব্যবস্থাপনা বিষয়ক এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বৈঠকে রাজধানীর যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের অগ্রগতি এবং এর সম্ভাব্য সুফল বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

তিনি জানান, গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তাগোলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত ১২ কিলোমিটার দীর্ঘ ইনার সার্কুলার রিং রোড প্রকল্পের রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশে নির্মাণকাজ চলছে। এ পর্যন্ত প্রকল্পের প্রায় ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

বৈঠকে জানানো হয়, রিং রোড নির্মাণ সম্পন্ন হলে ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রামগামী যানবাহনের রাজধানীর অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করার প্রয়োজন কমবে। ফলে নগরীর সড়কে যানবাহনের চাপ ও যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

এছাড়া রাজধানীকে ঘিরে থাকা প্রায় ১১০ কিলোমিটার নদীপথকে কার্যকরভাবে ব্যবহার করার পরিকল্পনাও বৈঠকে উপস্থাপন করা হয়। এ ব্যবস্থার মাধ্যমে নগরবাসী সহজেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নৌপথে যাতায়াত করতে পারবেন, যা সড়কপথের ওপর চাপ কমাতে সহায়ক হবে।

হাসান শিপলু বলেন, বৈঠকে বিশেষজ্ঞরা প্রকল্পটির কারিগরি দিক তুলে ধরেন। তাদের মতে, ইলেকট্রিকচালিত নৌযান চালু করা হলে পরিবেশ দূষণ কমবে, জ্বালানি সাশ্রয় হবে এবং যাতায়াতের সময়ও কম লাগবে।

বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল হাসান, সড়ক পরিবহন সচিব জিয়াউল হক, নৌপরিবহন সচিব মো. জাকারিয়া, রেলপথ সচিব ফাহমিদুল ইসলাম, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মুহিদুল ইসলাম, ডিএসসিসির প্রধান নির্বাহী জহিরুল ইসলাম, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান মাহমুদ আমানত ও অধ্যাপক মো. হাদিউজ্জামান উপস্থিত ছিলেন।