স্টাফ রিপোর্টার
২৬ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পাঁচ মাস পূর্তিকে সামনে রেখে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি বিশ্লেষণধর্মী নিবন্ধ প্রকাশ করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান। তিনি মনে করেন, এ সময়ের মধ্যে সরকার যে রাজনৈতিক সদিচ্ছা, উন্নয়ন পরিকল্পনা ও পরিবর্তনের প্রত্যাশা সৃষ্টি করেছে, এখন তার বাস্তবায়নের মূল পরীক্ষা শুরু হয়েছে।
নিবন্ধে তিনি উল্লেখ করেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের ফলে রাষ্ট্রীয় কাঠামোয় আওয়ামী লীগের সম্ভাব্য প্রভাব আরও কমবে বলে তিনি মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের তালিকায় দলটির নিবন্ধন স্থগিত রয়েছে।
শাইরুল কবির খানের মতে, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির অনুপস্থিতিতে বিএনপির সামনে সবচেয়ে বড় দায়িত্ব হলো রাজনৈতিক আদর্শের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করে দেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা। এই প্রচেষ্টা যত দ্রুত শুরু হবে, ততই বাংলাদেশের মানুষের জন্য ইতিবাচক সম্ভাবনা সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, বিএনপির দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে তারা রাজনৈতিক প্রতিপক্ষকে কীভাবে মোকাবিলা করে তার ওপর। অতীতের মতো দমন-পীড়নের পথ নয়, বরং আলাপ-আলোচনা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক মতপার্থক্যের সমাধানই টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার পথ হতে পারে।
নিবন্ধে প্রশ্ন তোলা হয়েছে, বিএনপি কি একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল, স্বাধীন গণমাধ্যম এবং স্বাধীন প্রতিষ্ঠানকে সহ্য করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবে? লেখকের মতে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক স্বপ্ন বাস্তবায়ন করা গেলে অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব।
তিনি বলেন, ঘোষিত ‘৩১ দফা’ বাস্তবায়নের মধ্য দিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখন বাস্তবতার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।
লেখক: শাইরুল কবির খান
পদবি: সদস্য, বিএনপি মিডিয়া সেল
সূত্র: সময়ের আলো (২৫ জুলাই ২০২৬)





