✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী

১৮০ দিনে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে অগ্রগতি হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

স্টাফ রিপোর্টার | ১৭ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: রাষ্ট্র ও সমাজের প্রতিটি মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালেহ শিবলী বলেন, বর্তমান সরকার তোষামোদ ও বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করেছে। অতীতে মঞ্চে উঠে দীর্ঘ সময় ধরে বন্দনা করার যে প্রথা ছিল, তা থেকে সরকার সরে এসেছে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে চাপিয়ে দেওয়া সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো থেকেও বেরিয়ে আসা সম্ভব হয়েছে।

সরকারের ১৮০ দিনের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, বিশ্বজুড়ে সাধারণত সরকারের প্রথম ১০০ দিনকে ‘হানিমুন পিরিয়ড’ হিসেবে বিবেচনা করে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। তবে এটি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষিত কোনো বিষয় নয়।

তিনি বলেন, কাজের পরিকল্পনা বাস্তবায়ন ও প্রাথমিক ফল পেতে অন্তত ছয় মাস সময় প্রয়োজন। জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা এবং জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করতেই ১৮০ দিনের কার্যক্রম পর্যালোচনার জন্য এ সভার আয়োজন করা হয়েছে।

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা ধরে ধরে বাস্তবায়ন করা হচ্ছে। অতীতে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এভাবে ধরে ধরে বাস্তবায়নের নজির দেখা যায়নি।

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনাকে সরকারের অন্যতম বড় সাফল্য উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। অতীতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার দায় সরাসরি সরকারের না থাকলেও জবাবদিহিতার অংশ হিসেবে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে শোকাহত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য উদ্ধৃত করে সালেহ শিবলী বলেন, বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছে, যেখানে রাষ্ট্রের প্রতি যেমন নাগরিকের দায়িত্ব রয়েছে, তেমনি নাগরিকের প্রতিও রাষ্ট্রের দায়বদ্ধতা রয়েছে। রাষ্ট্র তার সাধ্য অনুযায়ী প্রতিটি শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াবে।

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’ চেতনা নিয়ে প্রধানমন্ত্রী, তাঁর দপ্তর এবং সংশ্লিষ্ট সবাই কাজ করে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর সাধারণ মানুষের পাশে থাকার বিভিন্ন উদাহরণ তুলে ধরে সালেহ শিবলী বলেন, মিরপুরে সেনাবাহিনীর নিহত এক কর্মকর্তার বাসায় প্রধানমন্ত্রীর নিজে উপস্থিত হওয়া প্রমাণ করে যে সরকার মজলুমের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পছন্দ করেন।

তিনি আরও বলেন, সম্প্রতি বাসযাত্রার সময় রাস্তা অতিমাত্রায় ফাঁকা রাখার বিষয়টি নজরে এলে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষের যাতায়াতে কোনো ভোগান্তি না হয়। একজন রাষ্ট্রপ্রধানের সাধারণ মানুষের মতো চলাফেরা করা এবং নিজেকে আলাদা না ভাবাই নতুন বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের প্রতিফলন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী ও উপদেষ্টারা।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।