তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং
স্থান: বিএনপি চেয়ারপারসনের কার্যালয়, গুলশান, ঢাকা
বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “১/১১ সময় থেকে শুরু করে বহু চেষ্টা হয়েছে বিএনপিকে মাইনাস করার, কিন্তু কেউ সফল হয়নি। আওয়ামী লীগও বারবার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। ৫ আগস্টের পরও নতুন কৌশলে বিএনপিকে মাইনাস করার চেষ্টা চলছে, কিন্তু তারাও ব্যর্থ হবে।”
তিনি বলেন, “একটি দল ক্ষমতায় এসে ব্যাপক জুলুম, হত্যা ও গুম করেছে। জনতার আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে হটানো হয়েছে। সেই আন্দোলন কোনো ফুলশয্যা ছিল না, অসংখ্য নেতাকর্মীর প্রাণের বিনিময়ে তা সম্ভব হয়েছে।”
শেখ হাসিনার পরিবারের লুটপাট ও অর্থপাচারের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, “দি টাইমসসহ আন্তর্জাতিক গণমাধ্যমে তাদের লুটপাটের খবর প্রকাশিত হয়েছে। আশ্চর্যের বিষয় হলো—এমন লুটেরা পরিবার আবারও ক্ষমতায় ফেরার জন্য মরিয়া হয়ে আছে। যারা বিএনপিকে নিয়ে অপপ্রচারে নেমেছেন তাদের বলছি, যদি শেখ হাসিনা ফেরে তবে কেউ রক্ষা পাবেন না।”
জাতিসংঘের এক অনুষ্ঠানে বাংলাদেশি নেতাদের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ওদের কোনো অনুশোচনা নেই। নিউইয়র্কে কিভাবে নির্লজ্জভাবে হামলা করেছে সবাই দেখেছে। অতীতে ব্যাংক লুট, রাহাজানি, খুন আর ফ্যাসিবাদ চালিয়েছে তারা। যদি আবার ক্ষমতায় ফেরে তবে সবাইকে নিশ্চিহ্ন করে দেবে।”
আগামী দুর্গাপূজা উপলক্ষে তিনি সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “পূজায় যাতে কোনো নাশকতা না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। নিদ্রাহীন রাত কাটাতে হলেও পূজার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
চিকিৎসা সহায়তা কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায়, চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবার, আওয়ামী স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ, আহত ও গুম হওয়া নেতাকর্মীদের পরিবার এবং ক্যান্সার ও অন্যান্য দুরারোগ্য রোগে আক্রান্ত পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান করেছে আমরা বিএনপি পরিবার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, এবং সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও শাহাদত হোসেন।
এ ছাড়াও আমরা বিএনপি পরিবার-এর আরও অনেকে উপস্থিত ছিলেন।





