রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউএনএইচসিআর প্রতিনিধির সঙ্গে বৈঠকে প্রত্যাবাসনকে অগ্রাধিকার দেওয়ার ওপর জোর

স্টাফ রিপোর্টার, ৫ মে ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

স্বরাষ্ট্রমন্ত্রী -এর সঙ্গে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) বাংলাদেশ প্রতিনিধি সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ মানবিক বিবেচনায় বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তবে আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাম্প্রতিক অর্থ বরাদ্দ কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণে বৈশ্বিক সহায়তা বাড়ানো জরুরি।

রোহিঙ্গা শিবিরের সীমিত জায়গা ও জনসংখ্যার চাপের বিষয়ে ইউএনএইচসিআর প্রতিনিধি কঠিন বাস্তবতার কথা তুলে ধরেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক ও ভূ-প্রাকৃতিক বাস্তবতায় ক্যাম্প সম্প্রসারণ কঠিন, তাই টেকসই সমাধান হিসেবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনই সবচেয়ে কার্যকর পথ।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, গাজা সংকট, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুর কারণে রোহিঙ্গা সংকট যেন আড়ালে না পড়ে। এ বিষয়ে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিষয়টি সক্রিয়ভাবে তুলে ধরতে জাতিসংঘ ও ইউএনএইচসিআরকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ইউএনএইচসিআর প্রতিনিধি আগামী ২০ মে ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান (JRP)’ উপস্থাপনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

সাক্ষাৎকারের শুরুতে নতুন দায়িত্ব গ্রহণ করায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান ইভো ফ্রেইসেন। এ সময় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।