স্টাফ রিপোর্টার, ১৪ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ই ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস ‘৫৪ বছরের প্রতিশোধ’ নেওয়ার বক্তব্য নিয়ে তীব্র প্রশ্ন ও উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, “৫৪ বছরে কিসের প্রতিশোধ, কার কাছ থেকে প্রতিশোধ?”—এই প্রশ্ন আজ জাতির সামনে। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া জীবিত মানুষদের হত্যা করা হবে নাকি নতুন প্রজন্মকে লক্ষ্য করা হবে—এমন আশঙ্কার কথাও তিনি তুলে ধরেন।
মির্জা আব্বাস অভিযোগ করেন, ইতোমধ্যে সহিংসতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গতকাল ‘হাদি’ নামের এক যুবক হামলার শিকার হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে বলে তিনি উল্লেখ করেন এবং তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন। তিনি আরও বলেন, শোনা যাচ্ছে প্রায় ৭০ জনকে হত্যার তালিকাভুক্ত করা হয়েছে এবং নিয়মিত হুমকির ফোন পাচ্ছেন তিনি ও তার দলের নেতাকর্মীরা।
এছাড়া তিনি অভিযোগ করেন, তার এলাকায় যাতায়াতকারী এক সাংবাদিককে রাস্তায় হুমকি দেওয়া হয়েছে এবং ওই সাংবাদিক পরে একটি জিডি করেছেন। এসব ঘটনার প্রেক্ষিতে মির্জা আব্বাস বলেন, বিএনপি সব ধরনের হত্যাকাণ্ড থেকে দূরে আছে, দূরে থাকবে। তবে যারা হত্যাকাণ্ড চালিয়েছে বা চালানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে বিএনপি সবসময় প্রতিরোধ গড়ে তুলবে।
তিনি স্পষ্ট করে বলেন, “নীরব থাকার অর্থ এই নয় যে গায়ে আঘাত এলে আমরা চুপচাপ সালাম দিয়ে চলে যাব”—এমন ভুল ধারণার কোনো সুযোগ নেই।





