স্টাফ রিপোর্টার | ১১ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উইন্ডি টাউন হলে ‘ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন’ শীর্ষক সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
শিক্ষামন্ত্রী বলেন, এই আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষকরা তাদের পাওনা ও ভাতার টাকা পাননি।
তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকার ১৫ আগস্ট পালনের নামে হাজার কোটি টাকা ব্যয় করেছে এবং বিভিন্ন খাত থেকে অর্থ আত্মসাৎ করেছে।
বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও জাতির প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দিনরাত কাজ করছেন। শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ সব খাতের উন্নয়নে সরকার সমান গুরুত্ব দিচ্ছে।
দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সমালোচনা না করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকারের উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে দেশের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তারা দিনরাত কাজ করছেন। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্তমান সরকার টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে মানবসম্পদ উন্নয়ন জরুরি এবং মানবসম্পদ উন্নয়নে শিক্ষার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাবেক মহাপরিচালক ড. সুলতান হাফিজ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক অনুষ্ঠানে এসডিজি-সংক্রান্ত মন্ত্রণালয়ের বিস্তারিত বিষয় উপস্থাপন করেন।
পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, জনগণের কল্যাণে বিভিন্ন প্রতিষ্ঠানের সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহ করে উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সরকার নানা উদ্যোগ নিয়েছে। মানুষের সমস্যা সমাধানে সরকার কাজ করছে।
তিনি বলেন, সঠিক নীতি ও পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত অপরিহার্য। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও কার্যকর পরিকল্পনা গ্রহণে সঠিক পরিসংখ্যানের কোনো বিকল্প নেই।





