স্টাফ রিপোর্টার | ১৭ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষক নিয়োগে মেধাবীদের বাদ পড়া ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়া হবে।
তিনি বলেন, শিক্ষকদের মেধাবী হওয়ার কোনো বিকল্প নেই। বিগত দিনে কোনো অনিয়ম হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে।
শুক্রবার দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, “আমরা তোমাদের সঙ্গে থাকবো, তবে ভালো ফলাফল করতে হবে।” তিনি আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা জনগণের টাকায় লেখাপড়া করে এবং প্রতি শিক্ষার্থীর জন্য বছরে প্রায় ৮ লাখ টাকা ব্যয় করা হয়। তাই জনগণের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে।
তিনি বলেন, “আমি নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের বলতে চাই, তোমাদের অভিভাবকেরা তোমাদের দিকে তাকিয়ে আছেন।” বিশ্ববিদ্যালয়ে অবস্থানকালীন প্রতিটি মুহূর্ত পড়াশোনায় কাজে লাগানোর আহ্বান জানান তিনি। তার মতে, শিক্ষার্থীদের পরিশ্রমই আগামী দিনের ভবিষ্যৎ গড়ে দেবে।
হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যার সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির।





