শিক্ষা বাজেটের স্বচ্ছ ব্যবহার নিশ্চিতের নির্দেশ, বুয়েটে ‘আবরার ফাহাদ’ নামে নতুন হল নির্মাণের প্রস্তাব

সরকারি অর্থের অপচয় বরদাশত করা হবে না, পূর্বাচল ক্যাম্পাসের জমির বকেয়া অর্থ দেবে সরকার

স্টাফ রিপোর্টার | ২৭ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা খাতের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে সরকারি অর্থের সর্বোচ্চ সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অপচয় বরদাশত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, “শিক্ষা বাজেট যথাযথভাবে ব্যবহার করতে হবে।”

শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুয়েটের কেন্দ্রীয় অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের তুলনায় বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। শিক্ষা খাতের বরাদ্দ বর্তমান জিডিপির ২ শতাংশ থেকে পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সরকার বাজেট বাড়াতে প্রস্তুত। তবে সেই অর্থের প্রতিটি পয়সা সততা ও স্বচ্ছতার সঙ্গে ব্যয় করতে হবে।

তিনি বলেন, “যারা মেধার প্রতিযোগিতার মাধ্যমে উচ্চশিক্ষায় এসেছে, তাদের জন্য ন্যূনতম আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে বড় বাজেটেরও কোনো অর্থ থাকে না।”

মন্ত্রী জানান, বুয়েটের পূর্বাচল ক্যাম্পাসের জন্য বরাদ্দকৃত জমির বকেয়া কিস্তির অর্থ সরকার নিজস্ব তহবিল থেকে এককালীন পরিশোধ করবে। বুয়েটকে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো নিজস্ব আয়ে জমি কেনার প্রয়োজন হবে না; রাষ্ট্রই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্প্রসারণে পাশে থাকবে।

এ সময় তিনি বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর আদলে বুয়েটে দেশীয় ও আন্তর্জাতিক ‘অ্যালামনাই কন্ট্রিবিউশন ফান্ড’ গঠনের আহ্বান জানান।

বুয়েটের শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করে ড. এহছানুল হক মিলন বলেন, “আমরা বুয়েটের মেধার অপচয় করতে চাই না। এই মেধাকে তার সঠিক জায়গায় নিয়ে যেতে চাই।”

আবাসন সংকট নিরসন এবং প্রয়াত শিক্ষার্থী আবরার ফাহাদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ হিসেবে তিনি ঘোষণা দেন, বুয়েটে ‘আবরার ফাহাদ’ নামে একটি নতুন ছাত্র হল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব জানানো হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ উদ্যোগ বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হলের প্রভোস্ট, নবাগত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।