স্টাফ রিপোর্টার | ১৫ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের প্রতি শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশ গড়তে মানবিক সৈনিক প্রয়োজন এবং সেই মানবিক নাগরিক গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদেরই নিতে হবে।
বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী বলেন, “শিশুদের মানুষ করার কারিগর আপনারা। কোনো শিশু যেন মানুষ, প্রাণী বা পশুপাখির প্রতি নির্দয় হয়ে না ওঠে, সেদিকে খেয়াল রাখতে হবে। শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন, তাহলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।”
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিশুদের মধ্যে নৈতিকতা, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের দক্ষতা বাড়াতে সরকার আরও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলেও জানান তিনি।
শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, “গাছ তোমাদের বন্ধু হবে। গাছ যেমন বড় হবে, তেমনি তোমরাও বড় হবে।”
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন।
এ সময় দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত সেরা শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান করা হয়। অনুষ্ঠানে শিশুদের বিতর্ক, গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও নাটকসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা প্রধানমন্ত্রী উপভোগ করেন।





