স্টাফ রিপোর্টার | ১৪ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে স্বচ্ছ বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে চায় সরকার। তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে এবং সরকার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর।
মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার রাজনৈতিক বা ভূ-রাজনৈতিক কোনো চাপের বিষয় বিবেচনা করছে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রে ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
তিনি আরও বলেন, দেশের জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগের বিচার দেখতে চায় এবং আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল ও কার্যকর হোক—এমন প্রত্যাশা রয়েছে।
তথ্য উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আধুনিক ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সংস্কার করা হয়েছে। শেখ হাসিনা চাইলে বিশ্বের যেকোনো আইনজীবীর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন। বিচার কার্যক্রমে বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকা এবং ভিডিও ধারণের ব্যবস্থাও রাখা হয়েছে।
তিনি বলেন, বিচার হবে সম্পূর্ণ স্বচ্ছ ও আইনের শাসনের ভিত্তিতে। আদালতে অভিযুক্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকারের নয়, আদালতের নির্দেশনা। আদালতের নির্দেশনা বাস্তবায়ন করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। কেউ চাইলে আদালতে গিয়ে এ নির্দেশনার বিরুদ্ধে আইনগত প্রতিকার চাইতে পারেন।
সংবিধান সংশোধন ও সংস্কার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বিএনপি ‘জুলাই সনদ’-এর ভিত্তিতে কাজ করার অঙ্গীকার করেছে। তবে কিছু বিষয়ে তাদের ভিন্নমত ছিল, যা তারা আগেই জনগণের সামনে তুলে ধরেছে। তিনি বিরোধী দলগুলোর প্রতি সংসদীয় আলোচনায় অংশ নিয়ে তাদের মতামত উপস্থাপনের আহ্বান জানান।
দেশের বিভিন্ন অঞ্চলের বন্যা ও জলাবদ্ধতা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ঢাকা ও চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতে সৃষ্ট পরিস্থিতি মূলত দীর্ঘদিনের অপরিকল্পিত নগরায়ণ ও অব্যবস্থাপনার ফল। তিনি দাবি করেন, অতীতের অপরিকল্পিত উন্নয়ন ও দুর্নীতির কারণে এ সংকট তৈরি হয়েছে এবং বর্তমান সরকার তা নিরসনে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে।





