সংসদ নির্বাচন ও গণভোটে জনগণকে হ্যাঁ ভোটের আহ্বান ১১ দলীয় জোটের

ভোটাধিকার হরণ ও প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে সুষ্ঠু নির্বাচনের দাবি আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার

স্টাফ রিপোর্টার, ২৮ জানুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি

দীর্ঘ ১৭ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত বাংলাদেশের জনগণ এবার একসঙ্গে দুটি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যজোটের নেতা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। তিনি বলেন, ভোটাররা একটি ভোট দেবেন সংসদ সদস্য পদপ্রার্থীর মার্কায় এবং আরেকটি ভোট দেবেন গণভোটে।

তিনি বলেন, ১১ দলীয় জোট দেশের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। জনগণের প্রতি আমাদের আহ্বান, আপনারা জোটের প্রার্থীদের বিজয়ী করবেন। পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে তার সুফল শুধু বর্তমান প্রজন্ম নয়, ভবিষ্যৎ প্রজন্মও দীর্ঘ সময় ধরে ভোগ করবে।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, গণভোটে হ্যাঁ ভোট মানে বাংলাদেশের ভবিষ্যতের পক্ষে ভোট। দীর্ঘমেয়াদি সংস্কার, স্থিতিশীলতা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানাই।

তিনি বলেন, সংসদ নির্বাচনে ভোটাররা যে প্রতীকেই ভোট দিন না কেন, গণভোটে সিদ্ধান্ত একটাই হওয়া উচিত। বাংলাদেশের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে।

তবে তিনি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর একটি অংশগ্রহণমূলক ও সুষ্ঠু নির্বাচনের যে প্রত্যাশা ছিল, বাস্তবে তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। মনোনয়ন বাছাই পর্বেই ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের মনোনয়ন বৈধ করার মাধ্যমে পক্ষপাতিত্ব করা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদের কথা বলা হলেও বাস্তবে বিদেশি নাগরিকদের মনোনয়ন দেওয়ার ঘটনা জনগণের মধ্যে প্রশ্ন ও ক্ষোভ তৈরি করেছে।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অভিযোগ করেন, গত দুই দিনে জাতীয় নাগরিক পার্টির দুইজন প্রার্থীর ওপর হামলা চালানো হয়েছে। ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদি এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর নির্বাচনী কার্যক্রম চলাকালে হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, ঢাকা-৮ আসনে ছাত্রদলের সন্ত্রাসীরা ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারী ও জোটের নেতাকর্মীদের ওপর নির্মম হামলা চালিয়ে তাদের আহত করেছে।

হামলাকারীদের উদ্দেশে তিনি বলেন, এ দেশে ভোটাধিকার হরণের পরিণতি ইতিহাসে লেখা আছে। এর আগে যারা কেন্দ্র দখল ও প্রার্থীদের ওপর হামলা চালিয়ে ভোটাধিকার হরণ করেছিল, তাদের অনেককেই দেশ ছেড়ে পালাতে হয়েছে এবং কেউ কেউ এখনো আত্মগোপনে রয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পেশিশক্তি ও সন্ত্রাস দিয়ে নির্বাচনে জয়ের চেষ্টা করলে জনগণ ব্যালটের মাধ্যমে তার কঠোর জবাব দেবে। বাংলাদেশের জনগণ সন্ত্রাসী, হামলাকারী, চাঁদাবাজ ও ব্যাংক লুটেরাদের ম্যান্ডেট দেবে না।

আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, সাম্য, মানবিক মর্যাদা, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের জন্য জনগণ ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীদের বিজয়ী করবে।