সচিবালয় ভাতা আন্দোলনে পাঁচ কর্মচারী নেতা আটক, প্রিজন ভ্যান থেকেই সর্বাত্মক আন্দোলনের ঘোষণা

অতি গুরুত্বপূর্ণ এলাকায় বিশৃঙ্খলা সহ্য করা হবে না—ডিএমপি

Posted by:

on

স্টাফ রিপোর্টার, ১২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনরত সংযুক্ত কর্মচারী পরিষদের একাংশের সভাপতি, সাধারণ সম্পাদকসহ পাঁচ কর্মচারী নেতাকে সচিবালয় এলাকা থেকে আটক করেছে পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনার জানান, প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়কে অতি গুরুত্বপূর্ণ অঞ্চল ঘোষণা করা হয়েছে; এখানে কোনো ধরনের বিক্ষোভ বা বিশৃঙ্খলা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আটকের প্রতিবাদে প্রিজন ভ্যান থেকেই কর্মচারী নেতারা রবিবার থেকে সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো সচিবালয়ে কর্মরত কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বিশেষ ভাতা দাবি করে আসছেন। এ দাবিতে বুধবার তারা অর্থ উপদেষ্টাকে তার দপ্তরে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন; পরে পুলিশ প্রহরায় তাকে উদ্ধার করা হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় বৃহস্পতিবার সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও মোতায়েন করা হয়।
দুপুরের দিকে অর্থমন্ত্রণালয়ের সামনের বাদামতলায় আবারো জড়ো হন আন্দোলনকারীরা। ভাতা-সংক্রান্ত জিও (গভর্নমেন্ট অর্ডার) জারি না হওয়ায় তারা বিক্ষোভ শুরু করেন এবং আগামী সপ্তাহ থেকে লাগাতার ফুলটাইম কর্মবিরতি পালনের আল্টিমেটাম দেন।
পরে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। এক পর্যায়ে কর্মচারী পরিষদের সভাপতি বাদিউল কবির, সাধারণ সম্পাদক মিজানসহ পাঁচজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন কর্মচারী নেতাকর্মীরা এবং জানান, নিকট ইতিহাসে এ ধরনের আটক নজিরবিহীন।
পুলিশ বলছে, সচিবালয়ে সমাবেশ ও বিক্ষোভ সম্পূর্ণ নিষিদ্ধ। ‘‘যারা আইন ভঙ্গ করেছে, তাদেরই অন দ্য স্পট আটক করা হয়েছে। আইন লঙ্ঘন অব্যাহত থাকলে আরও ব্যবস্থা নেওয়া হবে,’’ বলেন ডিএমপির যুগ্ম কমিশনার।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার আমলে এর আগেও সরকারি চাকরি সংশোধনী অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মচারীরা দীর্ঘ আন্দোলন করে সফলতা অর্জন করেছিলেন।