সঠিক নীতিমালা পেলে সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব সম্ভব: ইকবাল হাসান মাহমুদ

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

স্টাফ রিপোর্টার | ৭ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সঠিক নীতিগত সহায়তা পেলে বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতে বিপ্লব ঘটানো সম্ভব।

আজ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত ১৫তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো অ্যান্ড ডায়ালগ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “বাংলাদেশ সোলারে যাওয়ার জন্য প্রস্তুত, শুধু নীতিমালা দরকার। এই নীতিমালা পেলে আমরা সৌরবিদ্যুৎ খাতে বড় ধরনের বিপ্লব ঘটাতে পারব।”

তিনি জানান, সরকার দ্রুত সৌর ও নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য নীতিমালা প্রণয়নের কাজ করছে। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন বলেও জানান তিনি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, চলতি মাসের মধ্যেই একটি নীতিমালা চূড়ান্ত করার চেষ্টা চলছে এবং আগামী জুন মাসে মন্ত্রিসভার অনুমোদনের পর তা সরকারি আদেশ হিসেবে জারি করা হতে পারে।

তিনি বলেন, সরকার যদি কোনো খাতকে সঠিক নীতিগত সহায়তা দেয়, তাহলে সেই খাতে বিপ্লব ঘটানো সম্ভব। উদাহরণ হিসেবে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সময় তৈরি পোশাক খাতে বন্ডেড ওয়্যারহাউস ও ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধার কথা উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, সৌর খাতের রেগুলেশন শিথিল করা, ইনভার্টার, ফ্রেম ও প্যানেলসহ প্রয়োজনীয় সরঞ্জাম সহজে আমদানির সুযোগ সৃষ্টি এবং কর সুবিধা দেওয়ার বিষয়েও সরকার কাজ করছে।

তিনি জানান, দিনের বেলায় উৎপাদিত সৌরবিদ্যুৎ সন্ধ্যার পিক আওয়ারে ব্যবহারের জন্য সরকার ব্যাটারি স্টোরেজ ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে সরকার এগোচ্ছে।

রুফটপ সোলার প্রসঙ্গে তিনি বলেন, বাড়ির ছাদে সৌর প্যানেল স্থাপন করে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং নেট মিটারিংয়ের মাধ্যমে বিল সমন্বয়ের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। এতে ভবন মালিকরাও আর্থিকভাবে লাভবান হবেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, বেসরকারি উদ্যোগের মাধ্যমে ঢাকার প্রতিটি ভবনকে যদি সৌরবিদ্যুতের আওতায় আনা যায়, তাহলে রাজধানীর বিদ্যুতের চাপ অনেকটাই কমে যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাশেদুল হক, মোজাফফর আহমেদ এবং এম আজিজুর রহমান রিপনসহ সংশ্লিষ্ট খাতের বিভিন্ন প্রতিনিধি।