স্টাফ রিপোর্টার | ৫ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
দেশের সড়ক, নৌ ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ট্রমা সেন্টারগুলোকে দ্রুত কার্যকর করতে হবে। সিভিল সার্জনের নেতৃত্বে এসব কেন্দ্রে প্রয়োজনীয় যন্ত্রপাতি, চিকিৎসক ও নার্স নিশ্চিত করা হবে। পাশাপাশি উপজেলা ও জেলা হাসপাতালগুলোকে অন্তত সাত দিন আগে থেকে প্রস্তুত রাখা হবে, যাতে দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা যায়।
নৌ পরিবহনের ক্ষেত্রে অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ফেরিঘাটগুলোতে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। প্রতিটি ঘাটে সাইনবোর্ড স্থাপন ও মাইকিংয়ের মাধ্যমে যাত্রীদের নামানো ও ওঠানো নিশ্চিত করা হবে। কোনো বাসচালকের গাফিলতি প্রমাণিত হলে তার লাইসেন্সের বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে বাস মালিক ও শ্রমিক ফেডারেশনের সঙ্গে বৈঠক করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ সদর দপ্তর সাত দিন আগে থেকেই একটি মনিটরিং সেল গঠন করবে। এই সেলের মাধ্যমে মহাসড়কের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ এবং জেলা পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে।
এছাড়া মহাসড়কে কোনো অবস্থাতেই গরুর হাট বা পশুর হাট বসতে দেয়া হবে না বলে জানানো হয়েছে। রেললাইনের কাছাকাছি এলাকায় পশুর হাট বসানোর ক্ষেত্রেও দূরত্ব নিশ্চিত করতে হবে, যাতে রেল চলাচলে কোনো বাধা সৃষ্টি না হয়।
সিটি কর্পোরেশনগুলোকে প্রয়োজনে বিকল্প স্থানে পশুর হাটের ব্যবস্থা করার নির্দেশনা দেয়া হয়েছে, যাতে সড়কে যান চলাচলে কোনো ঝুঁকি না থাকে।
সরকারের এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে সড়ক, নৌ ও রেলপথে নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।




