সরকারের ১০০ দিনে ‘মানবিক ও জনমুখী রাজনীতির’ দৃষ্টান্ত স্থাপন : মাহদী আমিন

সরকারের বিভিন্ন উদ্যোগে মানুষের জীবনে এসেছে দৃশ্যমান পরিবর্তন, দাবি প্রধানমন্ত্রীর মুখপাত্রের

স্টাফ রিপোর্টার | ২৫ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার গত ১০০ দিনে মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, দীর্ঘ দুঃশাসন ও রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গভীর সংকট কাটিয়ে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করেছে।

রোববার বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

মাহদী আমিন বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং ১৭ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সরকার গঠনের প্রথম দিন থেকেই অগ্রাধিকারভিত্তিক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি জানান, প্রতিটি মন্ত্রণালয়কে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি, প্রযুক্তি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সরকারের উদ্যোগ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই সরকার ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে। একই সঙ্গে ইমাম, মুয়াজ্জিন, খতিব ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য সম্মানি প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে।

কৃষিখাতে সরকারের উদ্যোগ তুলে ধরে মাহদী আমিন বলেন, ক্ষুদ্র কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে এবং ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনা হয়েছে। দেশজুড়ে খাল খনন কর্মসূচি ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, সরকার গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে। তবে বাকস্বাধীনতার নামে অপপ্রচার ও বিদ্বেষমূলক রাজনীতি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন তিনি।

মাহদী আমিন জানান, ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মন্ত্রিসভার ১০টি বৈঠকে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে ৩৭টি সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নাধীন রয়েছে।

ঈদ উপলক্ষে সরকারের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন ও নৌ-সার্ভিস চালু করা হয়েছে। নারীদের নিরাপদ ভ্রমণের জন্য ট্রেনে আলাদা কম্পার্টমেন্ট এবং বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রায় শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে, মাতৃত্বকালীন ছুটি বাড়ানো হয়েছে এবং পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থনৈতিক অগ্রগতির প্রসঙ্গে মাহদী আমিন বলেন, গত মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, যা প্রায় ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কয়েকটি দেশের সঙ্গে চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।

তিনি আরও জানান, প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বন্ধ কলকারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনের শুরুতে মাহদী আমিন পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানান। পরে লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।