বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি আছেন।
গত ২১ আগস্ট তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছিলেন। চিকিৎসা শেষে ২৯ আগস্ট ঢাকায় ফেরার কথা থাকলেও থাইল্যান্ডের চিকিৎসকরা তাকে সিঙ্গাপুরে পূর্বের হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর লিম ইয়েন টেং-এর পরামর্শ নিতে বলেন।
এর পরিপ্রেক্ষিতে তিনি ৩০ আগস্ট সিঙ্গাপুরে যান এবং পরদিন (৩১ আগস্ট) সিঙ্গাপুর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। পরে চিকিৎসকের পরামর্শে তিনি ২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন এবং ৩ সেপ্টেম্বর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন।
দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার খোঁজখবর রাখছেন এবং ৩ সেপ্টেম্বর বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও কথা বলেছেন নজরুল ইসলাম খান।
বিএনপি ও তার পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তাকে দ্রুত আরোগ্য দান করুন।





