সিলেটে ৮-দলীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান অভিযোগ করেন, যারা এতদিন নির্বাচনের নামে জনগণকে বিভ্রান্ত করেছেন তারা এখন ভিন্ন সুরে কথা বলা শুরু করেছেন। তার মতে, এটি দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য শুভ লক্ষণ নয়।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ এখন প্রস্তুত—আগামী নির্বাচনে অন্যায়, অপশাসন ও অগণতান্ত্রিক শক্তিকে লাল কার্ড দেখিয়ে দিতে। কেউ যদি নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করে, দেশের সংগ্রামী জনগণই সেই ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে বলে মন্তব্য করেন তিনি।
ড. শফিকুর রহমান বলেন, “যে সূর্য দিয়ে আপনারা ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেন, সেই সূর্য অস্ত গেছে। বাংলাদেশে আর সেই সূর্য উঠবে না। এখন নতুন সূর্যের উদয় হবে—ন্যায়, সত্য ও জনগণের শক্তির সূর্য।”
তিনি দাবি করেন, বাংলাদেশ অপশাসন থেকে মুক্ত হয়ে শ্রমিক, ছাত্র, জনতা—সবার বাংলাদেশে পরিণত হবে এবং রাষ্ট্রক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়া হবে।
ইসলামী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, “দুই-একটি ইসলামী দল এখনো বাইরে আছে। তারা সব বিভ্রান্তি, মায়ার জাল ছিন্ন করে আমাদের আঙ্গিনায় ফিরে আসুক। এই আঙ্গিনাই তাদের প্রকৃত জায়গা।”
তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দলের নেতৃত্ব শরীয়াহ আইন বিশ্বাস করে না এবং ধার্মিক মানুষদের ‘জঙ্গি’ বলে অপমান করে। এ ধরনের দলের সঙ্গে ইসলামী শক্তির কোনো সামঞ্জস্য নেই বলেও মন্তব্য করেন তিনি।
ড. শফিকুর রহমান বলেন, “আপনারা ঘরের ছেলে—ঘরে ফিরে আসুন। সম্মান, মর্যাদা, ভালোবাসা সবই পাবেন। অন্য ঠিকানায় থাকার প্রয়োজন নেই। কোরআনের ঠিকানায়, মানবতার মুক্তির ঠিকানায় ফিরে আসুন।”
তিনি আরও দাবি করেন, ইসলামপন্থী ও দেশপ্রেমিক শক্তিগুলো ইতোমধ্যেই ঐক্যবদ্ধ হয়েছে এবং এই ঐক্যই আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





