সীমানা নির্ধারণ: দ্বিতীয় দিনে ২০ আসনের ৫১৩ আবেদন নিষ্পত্তি

সীমানা নির্ধারণ: দ্বিতীয় দিনে ২০ আসনের ৫১৩ আবেদন নিষ্পত্তি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের খসড়া সীমানা পুনর্নির্ধারণ…

সীমানা নির্ধারণ: দ্বিতীয় দিনে ২০ আসনের ৫১৩ আবেদন নিষ্পত্তি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের খসড়া সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত দ্বিতীয় দিনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ শুনানি হয়।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম সাংবাদিকদের জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলের ৯ জেলার ২০টি আসন নিয়ে ৫১৩টি আবেদন শুনানি সম্পন্ন হয়। এর মধ্যে ইসির প্রকাশিত খসড়ার বিপক্ষে ২৩৮টি এবং পক্ষে ২৭৫টি আবেদন ছিল।

আগামী ২৬ আগস্ট ঢাকা অঞ্চলের ৩১৬টি দাবি-আপত্তির শুনানি হবে। এরপর ২৭ আগস্ট রংপুরের সাতটি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের তিনটি, ফরিদপুরের ১৮টি এবং সিলেট অঞ্চলের দুটি আবেদন শুনানি হবে। সব শুনানি শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত সীমানা ঘোষণা করবে।

ইসির তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট পর্যন্ত মোট ১,৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে। এগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে। এর আগে ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের খসড়া সীমানা প্রকাশ করা হয়।

খসড়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়, আর বাগেরহাটে চার আসন কমিয়ে তিনটি করার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া মোট ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। এর মধ্যে রয়েছে—

  • পঞ্চগড়-১ ও ২
  • রংপুর-৩
  • সিরাজগঞ্জ-১ ও ২
  • সাতক্ষীরা-৩ ও ৪
  • শরীয়তপুর-২ ও ৩
  • ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯
  • গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬
  • নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫
  • সিলেট-১ ও ৩
  • ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩
  • কুমিল্লা-১, ২, ১০ ও ১১
  • নোয়াখালী-১, ২, ৪ ও ৫
  • চট্টগ্রাম-৭ ও ৮
  • বাগেরহাট-২ ও ৩

বাগেরহাটের সীমানা পরিবর্তন

আগে বাগেরহাটে ছিল চারটি আসন—

  • বাগেরহাট-১: মোল্লারহাট, ফকিরহাট, চিতলমারি
  • বাগেরহাট-২: বাগেরহাট সদর, কচুয়া
  • বাগেরহাট-৩: রামপাল, মোংলা
  • বাগেরহাট-৪: মোড়েলগঞ্জ, শরণখোলা

খসড়ায় বাগেরহাট-১ অপরিবর্তিত রাখা হয়েছে। তবে বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল নিয়ে বাগেরহাট-২ এবং মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা নিয়ে বাগেরহাট-৩ আসনের প্রস্তাব করা হয়েছে।