সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে দুটি হরিণ নদীতে ঝাঁপ দেয়। আজ (শনিবার) সকালে করমজল ট্যুরিস্ট সেন্টারের পাশের বড়ই নদীতে লাফ দিয়ে প্রায় সোয়া দুই কিলোমিটার সাঁতরে হরিণ দুটি সুন্দরতলা গ্রামে চলে যায়।
পরে গ্রামবাসীর সহায়তায় করমজলের বনরক্ষীরা হরিণগুলোকে উদ্ধার করে আবার সুন্দরবনে অবমুক্ত করেন। উদ্ধার অভিযানে বৈদ্যমারির স্থানীয়রাও অংশ নেন।
ধরার সময় একটি হরিণ আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন করমজল ট্যুরিস্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির।
তিনি বলেন, সাধারণত খাটাশ মাছি বা দাস মাছির ভয়ে হরিণ পালালেও এবার ঘটনাটি ভিন্ন। ধারণা করা হচ্ছে, বাঘের আক্রমণ থেকে বাঁচতে হরিণ দুটি নদীতে ঝাঁপ দিয়েছিল।
আজাদ কবির জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, “জীববৈচিত্র রক্ষা করতে না পারলে আগামী প্রজন্মের জন্য বড় ধরনের হুমকি তৈরি হবে।”





