স্টাফ রিপোর্টার ২১ জানুয়ারি ২০২৬ নিউজ চ্যানেল বিডি
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা ফয়জুল করিম বলেছেন, দেশের প্রত্যাশিত উন্নয়ন ও ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ঐক্য এখনও বাস্তবায়িত হয়নি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকল ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার যে লক্ষ্য ছিল, তা পূরণ করা যায়নি বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ তারিখে সকল ভোটারকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ফয়জুল করিম বলেন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম হলে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে। এতে শুধু মানুষ নয়, সকল সৃষ্টিজীব নিরাপত্তা পাবে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয় সে বিষয়ে প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন অবস্থাতেই প্রশাসন যেন পক্ষপাতদুষ্ট আচরণ না করে এবং কালো টাকা, দখলদারিত্ব ও জোরপূর্বক প্রভাব বিস্তার যেন নির্বাচনে না ঘটে, সে বিষয়েও তিনি সতর্ক করেন।
সাংবাদিকদের উদ্দেশে ফয়জুল করিম বলেন, গণমাধ্যম জাতির বিবেক। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা হলে দেশ সঠিক পথে এগিয়ে যাবে। অন্যথায় জাতি বিভ্রান্তির দিকে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, পুরোনো বন্দোবস্ত পরিবর্তন করে নতুন একটি ন্যায়ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।





