সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা

এক বছরের মধ্যে ইউপি থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সব নির্বাচন সম্পন্নের পরিকল্পনা

স্টাফ রিপোর্টার | ২৩ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, চলতি বছরের বর্ষা মৌসুম শেষে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে।

তিনি বলেন, “এই নির্বাচন সর্বোচ্চ এক বছরের মধ্যে সম্পন্ন হবে। প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন নির্বাচন আয়োজন করা হবে।”

মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্য উপদেষ্টা জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে দেশের সব স্তরের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, অতীতে কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও যদি তার বিরুদ্ধে কোনো অপরাধ, মামলা বা জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ না থাকে, তাহলে তিনি ব্যক্তি হিসেবে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে কোনো দলীয় ব্যানার, প্রতীক বা স্লোগান ব্যবহার করা যাবে না।

ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতিও তুলে ধরেন ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, দেশের ৬৪টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার নীতিগত সিদ্ধান্তের অংশ হিসেবে শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুরে নতুন রেলপথ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া আগামী ১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস সংযুক্তকরণ বাধ্যতামূলক করা হবে বলে জানান তিনি।

খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, গত ২১ জুন পর্যন্ত সরকারি গুদামে ২১ লাখ ২১ হাজার ৫৯৮ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে, যা নিরাপদ সীমার তুলনায় প্রায় ৭ লাখ টন বেশি।

রাজস্ব আহরণের বিষয়ে তিনি জানান, মে মাস পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা আগের বছরের তুলনায় ১০ শতাংশ প্রবৃদ্ধি নির্দেশ করে।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী বর্তমানে চীন সফরে রয়েছেন। মালয়েশিয়ার সঙ্গে নতুন শ্রমবাজার কাঠামো গঠনে যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরিতে দুই দেশ সম্মত হয়েছে।

ডা. জাহেদ উর রহমান আরও জানান, বিদ্যুৎ চাহিদা মেটাতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘ঢাকা ৪০০ কেভি ট্রান্সমিশন রিং নেটওয়ার্ক’ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি একটি স্বাধীন জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের কাজ নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে।

তিনি বলেন, বিটিসিএল দেশব্যাপী ৯৭৭টি ওয়াইফাই হটস্পট চালু করেছে।

সাইবার বুলিং ও নারীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সাইবার অপরাধীদের শনাক্ত করতে রাষ্ট্র নিজস্ব প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে আরও কার্যকরভাবে ব্যবহার করবে।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।