স্টাফ রিপোর্টার, ১৬ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক র্যালিতে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। র্যালিতে তিনি বলেন, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান বাংলাদেশের স্বাধীনতার স্মৃতিবিজড়িত স্থান হলেও ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের আত্মসমর্পণ অনুষ্ঠানের মধ্য দিয়েই বাঙালির স্বাধীনতার মর্যাদায় প্রথম আঘাত আসে।
তিনি অভিযোগ করেন, পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ করার কথা ছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর কাছে। কিন্তু পরিকল্পিতভাবে তাঁকে আত্মসমর্পণ অনুষ্ঠানে অনুপস্থিত রাখা হয়। এর ফলে পাকিস্তানি জেনারেল নিয়াজী ভারতের ইস্টার্ন কমান্ডের প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হন। এতে প্রমাণ হয়, পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে নয়, বরং ভারতের কাছেই আত্মসমর্পণ করেছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এই ঘটনাটি বীর মুক্তিযোদ্ধাদের জন্য চরম অপমান। তাঁর মতে, ভারত ১৯৬৫ সালের যুদ্ধে পাকিস্তানের কাছে পরাজয়ের প্রতিশোধ নিতেই মূলত স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এবং বিজয়ের দিনেই তারা সে অবস্থান স্পষ্ট করেছে।
তিনি আরও বলেন, ভারত আজও ১৬ ডিসেম্বরকে নিজেদের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে, যা বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করার শামিল। স্বাধীনতার ৫৪ বছর পরও এমন আধিপত্যবাদী ও বৈষম্যমূলক আচরণ স্বাধীন বাংলাদেশের জন্য অপমানজনক বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যের শেষে তিনি স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব, মর্যাদা ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষায় জাতীয়ভাবে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।





