স্থানীয় নির্বাচন বিলম্ব হলে রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

এই বছরের মধ্যেই সিটি, উপজেলা ও পৌর নির্বাচন চায় দলটি


স্টাফ রিপোর্টার | ৬ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর নেতা সার্জিস আলম বলেছেন, দেশের স্বার্থে ও জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রয়োজন হলে ভবিষ্যতে স্থানীয় নির্বাচনে জোট করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে আপাতত দলটি এককভাবেই নির্বাচনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, খুব শিগগিরই উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র এবং সিটি কর্পোরেশন মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

সার্জিস আলম বলেন, বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে যে চলতি বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে সরকারপক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

তিনি দাবি করেন, ইতোমধ্যে জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে পরাজিত ও অযোগ্য নেতাকর্মীদের বসানো হয়েছে, যা স্থানীয় সরকার ব্যবস্থাকে দুর্বল করছে।

এনসিপি নেতা আরও বলেন, স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে “ভাগ-বাটোয়ারা, লুটপাট ও চাঁদাবাজির ক্ষেত্র” বানানোর চেষ্টা করা হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে দ্রুত নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন সরকার সে অবস্থান থেকে সরে এসেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে উপজেলা পর্যায়ে কোনো নির্বাচিত চেয়ারম্যান নেই এবং উপজেলা পরিষদ বিলুপ্ত করার অপচেষ্টা চলছে। জনগণের ক্ষমতা কেন্দ্রীভূত করে অপশাসন প্রতিষ্ঠার চেষ্টা করা হলে তা “হিতে বিপরীত” হবে বলে সতর্ক করেন তিনি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সার্জিস আলম বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজন করতে হবে। এ বিষয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত প্রস্তুতি নেওয়ারও দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, যদি নির্বাচন নিয়ে টালবাহানা করা হয়, তাহলে বিরোধী দল ও জোটকে রাজপথে নামতে বাধ্য করা হবে।