স্টাফ রিপোর্টার | ২৬ মার্চ ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অনুষ্ঠানকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে আজ দুপুর থেকেই রাজধানীর কেন্দ্রস্থলে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বঙ্গভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিদেশি কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া আবরার ফাহাদ এভিনিউ (জিরোপয়েন্ট–গুলিস্থান), ডিআইটি রোড (গুলিস্থান–রাজউক), দৈনিক বাংলা মোড় থেকে রাজউক ক্রসিং, ফজলে রাব্বি রোড এবং দিলকুশা এলাকার বিভিন্ন সংযোগ সড়কে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।
এছাড়া দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে যানবাহন ডাইভারশন কার্যকর থাকবে।
বিকল্প হিসেবে ইউবিএল ক্রসিং, শাপলা চত্বর, নাইটিঙ্গেল মোড়, রাজমনি, হাইকোর্ট ও তাঁতীবাজার রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিদের জন্য পৃথক প্রবেশপথ নির্ধারণ করা হয়েছে এবং স্টিকার অনুযায়ী নির্দিষ্ট গেট দিয়ে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।
পার্কিংয়ের ক্ষেত্রেও স্টিকারভিত্তিক আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। মিডিয়ার গাড়ির জন্য মতিঝিল বাণিজ্যিক এলাকায় বিশেষ পার্কিং নির্ধারণ করা হয়েছে।
নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ডিএমপি এই নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।





