স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ তৈরি করছে সরকার

গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য প্রতিরোধে সমন্বিত উদ্যোগের কথা জানালেন তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | ১৭ জুন ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ (জাতীয় কর্মপরিকল্পনা) প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ তথ্য জানান তিনি। সাক্ষাৎকালে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং গণমাধ্যম সংস্কার নিয়ে উভয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং বাংলাদেশ চাইলে এ অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।

এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানে ইউরোপীয় ইউনিয়নের আগ্রহের কথাও জানান তিনি।

জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। তবে স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব।”

তিনি বলেন, এই দুই লক্ষ্যকে সামনে রেখেই সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কাজ এগিয়ে নিচ্ছে।

তথ্যমন্ত্রী আরও জানান, গণমাধ্যম খাতের সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামতের ভিত্তিতে একটি ‘ড্রাফট কমিটি’ গঠন করা হবে। এই কমিটি একটি ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ প্রণয়ন করে সরকারের কাছে উপস্থাপন করবে।

পরবর্তীতে ওই জাতীয় কর্মপরিকল্পনার ভিত্তিতেই দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলে জানান তিনি।