স্টাফ রিপোর্টার | ১৭ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেছেন। শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে তিনি হজ ক্যাম্পে পৌঁছান।
এ সময় তিনি ক্যাম্প ঘুরে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। হজযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
পরিদর্শন শেষে তিনি ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে মোনাজাতে অংশ নেন। এ সময় সরকার হজ ব্যবস্থাপনা আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে কাজ করছে বলেও জানান তিনি।
পরে রাত ১১টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন। সেখানে তিনি এ বছরের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১-এর যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
হজ ক্যাম্প পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।





