স্টাফ রিপোর্টার | ১৭ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব উপহার সামগ্রী ইতোমধ্যে ঢাকা হজ অফিসে পৌঁছেছে।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহার সামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে এক লাখ বোতল মিনারেল ওয়াটার রয়েছে, যা ক্যাম্পে আগত হজযাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
এ ছাড়া উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর পাঠানো হয়েছে। এসব উপহার সামগ্রী প্যাকেটজাত করে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের মধ্যে বিতরণ করা হবে।
উল্লেখ্য, আজ শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালন করবেন।





