নিজস্ব প্রতিবেদক | ঢাকা
বাংলাদেশের হাওরাঞ্চল থেকে বৈশ্বিক জলবায়ু ও পানি নীতিনির্ধারণের আন্তর্জাতিক মঞ্চে যাত্রা করছেন তরুণ জলবায়ুকর্মী ও গবেষক যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস। জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (COP31)-এ বাংলাদেশের তরুণ প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছেন তিনি। সিলেট বিভাগ থেকে প্রথম তরুণ প্রতিনিধি হিসেবে তাঁর এই অংশগ্রহণকে দেশের তরুণ জলবায়ু নেতৃত্বের জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর ২০২৬ তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য COP31 সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার, পানি নিরাপত্তা, জলবায়ু ন্যায়বিচার এবং নীতিনির্ধারণী পর্যায়ে তরুণদের অংশগ্রহণের বিষয়গুলো তুলে ধরার লক্ষ্য রয়েছে তাঁর।
যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস তরুণদের নেতৃত্বে পরিচালিত পরিবেশ ও জলবায়ুবিষয়ক সংগঠন ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (YOUCAN)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। পাশাপাশি তিনি হেল্প দ্য নেশন-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। COP31-এ বাংলাদেশের প্রতিনিধিত্বের পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়নের কার্যক্রমে তাঁর আনুষ্ঠানিক সম্পৃক্ততা রয়েছে। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে বক্তা হিসেবেও অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
নতুন সরকারের প্রথম COP, প্রধানমন্ত্রীর অংশগ্রহণ ঘিরে গুরুত্ব
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর COP31-ই বাংলাদেশের প্রথম জাতিসংঘ জলবায়ু সম্মেলন। ফলে এবারের সম্মেলন বাংলাদেশের জলবায়ু কূটনীতি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক আলোচনায় নতুন সরকারের অগ্রাধিকার তুলে ধরার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ওয়ার্ল্ড লিডার্স সামিট অনুষ্ঠিত হবে ১১ ও ১২ নভেম্বর। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনে অংশ নেবেন বলে গত ১৮ অক্টোবর তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার সম্ভাবনাও রয়েছে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য উচ্চপর্যায়ের অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের তরুণ প্রতিনিধিদের সম্পৃক্ততা এবারের সম্মেলনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
প্রতিশ্রুতি থেকে বাস্তবায়ন, COP31-এর মূল লক্ষ্য
COP31-কে ‘ইমপ্লিমেন্টেশন COP’ এবং ‘COP of the Future’ হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য আগের জলবায়ু সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্ত ও প্রতিশ্রুতিকে বাস্তব, পরিমাপযোগ্য এবং কার্যকর পদক্ষেপে রূপ দেওয়া।
বিশেষ করে প্যারিস চুক্তির বাস্তবায়ন, জাতীয় জলবায়ু অঙ্গীকার (NDCs), জাতীয় অভিযোজন পরিকল্পনা (NAPs), জলবায়ু অর্থায়ন, জ্বালানি রূপান্তর, টেকসই কৃষি, সহনশীল অবকাঠামো এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষার বিষয়গুলো গুরুত্ব পাবে।
বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য এসব আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ শুধু আন্তর্জাতিক প্রতিশ্রুতি নয়, প্রয়োজন পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি সহায়তা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর অভিযোজন উদ্যোগ।
যুধিষ্ঠিরের অংশগ্রহণের অন্যতম লক্ষ্যও এসব বিষয় আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরা। জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও সহনশীলতা, ক্ষয়ক্ষতি মোকাবিলা (Loss and Damage), জ্বালানি রূপান্তর, পানি নিরাপত্তা এবং জলবায়ু ন্যায়বিচার নিয়ে বাংলাদেশের অবস্থান ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে চান তিনি।
হাওর, নদী ও উপকূলের সংকট তুলে ধরবেন আন্তর্জাতিক মঞ্চে
যুধিষ্ঠিরের কাজের অন্যতম প্রধান ক্ষেত্র পানি ও জলবায়ুর আন্তঃসম্পর্ক। বাংলাদেশের হাওর, নদী, জলাভূমি ও উপকূলীয় অঞ্চলের পরিবেশগত সংকট, আগাম বন্যা, আকস্মিক বন্যা, অনিয়মিত বৃষ্টিপাত, জলাবদ্ধতা, পানি নিরাপত্তা এবং কৃষিনির্ভর জনগোষ্ঠীর জীবিকার ঝুঁকি তাঁর নীতি-অ্যাডভোকেসির গুরুত্বপূর্ণ বিষয়।
তাঁর প্রতিষ্ঠিত YOUCAN জলবায়ু শিক্ষা, পরিবেশ সুরক্ষা, যুব নেতৃত্ব, পানি ও জলবায়ুবিষয়ক অ্যাডভোকেসি, গবেষণা, স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি এবং নীতিগত সংলাপে কাজ করছে। জলবায়ু ঝুঁকিপূর্ণ হাওর ও উপকূলীয় অঞ্চলের মানুষের অভিজ্ঞতাকে জাতীয় ও আন্তর্জাতিক আলোচনায় যুক্ত করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
জাতিসংঘের বিশ্ব পানি সম্মেলনের যুব আয়োজক কমিটিতেও YOUCAN
COP31-এর পর যুধিষ্ঠিরের আন্তর্জাতিক সম্পৃক্ততার আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র ২০২৬ সালের জাতিসংঘ বিশ্ব পানি সম্মেলন (UN Water Conference)। তাঁর নেতৃত্বাধীন সংগঠন YOUCAN আন্তর্জাতিক এই সম্মেলনের যুব আয়োজক কমিটিতে যুক্ত রয়েছে।
আগামী ৮ থেকে ১০ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বৈশ্বিক পানি নিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার বিষয়গুলো গুরুত্ব পাবে।
যুব আয়োজক কমিটির অংশ হিসেবে YOUCAN-এর দায়িত্বের মধ্যে রয়েছে তরুণদের সম্পৃক্ত করা, যুব নেতৃত্বাধীন উদ্যোগ সমন্বয়, আন্তর্জাতিক যুব নেটওয়ার্কের সঙ্গে কাজ এবং পানি-সম্পর্কিত নীতিগত আলোচনায় তরুণদের কণ্ঠস্বর তুলে ধরা।
সম্মেলনটির অন্যতম লক্ষ্য জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের ষষ্ঠ লক্ষ্য (SDG 6) বাস্তবায়ন ত্বরান্বিত করা। এই লক্ষ্যের আওতায় সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার বিষয়টি রয়েছে। পাশাপাশি পানি সংকট, নিরাপদ পানির প্রাপ্যতা, আন্তসীমান্ত পানি সহযোগিতা, পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনজনিত পানি সংকট মোকাবিলার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।
COP31-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয় সাপেক্ষে যুধিষ্ঠিরের আবুধাদির সম্মেলনেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্য দিয়ে জলবায়ু ও পানি নিরাপত্তা নিয়ে দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নীতিগত প্রক্রিয়ায় বাংলাদেশের তরুণ নেতৃত্বের সম্পৃক্ততা আরও বিস্তৃত হতে পারে।
যুব গবেষণা ও জাতিসংঘের নীতিগত উদ্যোগে সম্পৃক্ততা
জলবায়ু আন্দোলনের পাশাপাশি যুধিষ্ঠির একজন যুব গবেষক হিসেবেও কাজ করছেন। জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্কের অধীনে ‘ইয়ুথ অ্যাজ রিসার্চার্স’ উদ্যোগে তিনি গবেষক হিসেবে যুক্ত রয়েছেন।
এ ছাড়া তিনি জাতিসংঘের ইয়ুথ অ্যাডভাইজরি গ্রুপ (UNYAG) বাংলাদেশের সদস্য হিসেবেও কাজ করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক যুব জলবায়ু নেটওয়ার্কের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা রয়েছে।
জলবায়ু ন্যায়বিচার ও সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অংশগ্রহণের দাবি
যুধিষ্ঠিরের জলবায়ু আন্দোলনের যাত্রা শুরু হয় ২০২০ সালে ঘূর্ণিঝড় আম্পান এবং পরবর্তী সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও জলবায়ুজনিত দুর্যোগের অভিজ্ঞতা থেকে। স্থানীয় পর্যায়ের মানুষের সংকট, পরিবেশগত ন্যায়বিচার এবং তরুণদের নেতৃত্বকে গুরুত্ব দিয়েই তিনি কাজ শুরু করেন।
যুধিষ্ঠিরের মতে, বাংলাদেশের জলবায়ু কূটনীতিতে জাতীয় স্বার্থের পাশাপাশি স্থানীয় বাস্তবতাকেও সমান গুরুত্ব দিতে হবে। জলবায়ু অর্থায়নে ন্যায্যতা, অভিযোজনের জন্য পর্যাপ্ত সহায়তা, ক্ষয়ক্ষতি মোকাবিলা, পানি ও নদী ব্যবস্থাপনা, হাওর ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণে তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
তিনি বলেন, “বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের প্রভাব বহনকারী একটি দেশ নয়; বৈশ্বিক জলবায়ু সমাধান ও নীতিনির্ধারণেও আমাদের সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন। হাওর, নদী, উপকূল ও জলাভূমির মানুষের বাস্তবতা আন্তর্জাতিক আলোচনায় তুলে ধরা এবং বাংলাদেশের জাতীয় স্বার্থ, জলবায়ু অগ্রাধিকার ও তরুণ প্রজন্মের প্রত্যাশাকে বৈশ্বিক সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে যুক্ত করাই আমার অংশগ্রহণের অন্যতম লক্ষ্য।”
তিনি আরও মনে করেন, তরুণদের শুধু জলবায়ু আলোচনায় অংশগ্রহণের সুযোগ দিলেই হবে না; নীতি প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন প্রক্রিয়ায়ও তাঁদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের বর্তমান সরকারের প্রথম COP-এ প্রধানমন্ত্রীর সম্ভাব্য অংশগ্রহণ, আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব এবং তরুণদের সম্পৃক্ততা সব মিলিয়ে এবারের সম্মেলন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও নীতিগত সুযোগ তৈরি করছে।
হাওরাঞ্চল থেকে তুরস্কের COP31 এবং পরবর্তী সময়ে আবুধাবির জাতিসংঘ বিশ্ব পানি সম্মেলন পর্যন্ত যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাসের এই যাত্রা বাংলাদেশের তরুণ নেতৃত্ব, জলবায়ু ন্যায়বিচার ও পানি নিরাপত্তার বিষয়গুলোকে আন্তর্জাতিক নীতিনির্ধারণী আলোচনায় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা।





