স্টাফ রিপোর্টার, ১২ ডিসেম্বর ২০২৫, নিউজ চ্যানেল বিডি।
ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ঘটনাটিকে তিনি ‘কাপুরুষোচিত ও নেক্কারজনক হত্যাচেষ্টা’ বলে উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক লেখেন, শরিফ ওসমান হাদির ওপর চালানো হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলাকারীদের তিনি ‘নর্দমার কীট’ আখ্যা দিয়ে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইশরাক আরও বলেন, হাদীর উপর হামলার দায়ভার বর্তমান সরকার এড়াতে পারে না। তিনি সরকারের সকল গোয়েন্দা সংস্থাকে দ্রুত হামলাকারীদের চিহ্নিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রয়োজনে হামলাকারীদের ‘জনগণের হাতে সোপর্দ করার’ ব্যবস্থার কথাও উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে ইশরাক আহত শরিফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করেন ও তার জন্য দোয়া করেন।





