স্টাফ রিপোর্টার | ০৩ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
ঢাকা: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয় ঘটানো সরকারের অন্যতম লক্ষ্য। ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর আয়োজনসংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে দেশব্যাপী ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেবে।
সভায় জানানো হয়, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করতে উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে ধাপে ধাপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা’ শুধু একটি ক্রীড়া আয়োজন নয়; এটি শিক্ষার্থীদের মেধা, মননশীলতা, নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীলতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও যাতে সমান সুযোগ নিয়ে জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে, সে লক্ষ্যেই এ আয়োজন। এই টুর্নামেন্টের মাধ্যমে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে সুযোগের বৈষম্য কমবে এবং একটি সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে উঠবে।
সভায় আরও জানানো হয়, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধানমন্ত্রীর উপস্থিতির প্রত্যাশা রয়েছে। একইভাবে জাতীয় পর্যায়ের ফাইনালেও তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
এ সময় মাঠ প্রস্তুতি, নিরাপত্তা, প্রচারণা এবং প্রশাসনিক সমন্বয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মাঠ প্রশাসন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করবেন। পাশাপাশি আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





