২ জুলাই শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা

প্রথমবার অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা, চলবে ৫ সপ্তাহ

স্টাফ রিপোর্টার | ১৮ এপ্রিল ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

চলতি বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার দুপুরে সচিবালয়ে এক ভার্চুয়াল সভায় আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২ জুলাই শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা চলবে টানা ৫ সপ্তাহ।

একই সঙ্গে ‘নিরব বহিষ্কার’ এর পুরনো ধারা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র চালু থাকলেও সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হতো।

মতবিনিময় সভায় মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা সরাসরি এবং জুম প্ল্যাটফর্মে অংশ নেন।

সভায় এইচএসসি পরীক্ষা পিছানো এবং রুটিন চূড়ান্তকরণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।