বাগেরহাট-২ আসনে ভূমিধস জয়ের পথে কি ধানের শীষ?

ত্রিমুখী লড়াইয়ের আভাস মুছে গিয়ে জোরালো হচ্ছে বিএনপির জয়ের গুঞ্জন

স্টাফ রিপোর্টার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

বাগেরহাট-২ আসনে শুরুতে ত্রিমুখী লড়াইয়ের যে আভাস মিলছিল, নির্বাচনের ঠিক আগে এসে সেখানে দৃশ্যপট পাল্টে গেছে বলে দাবি করছেন স্থানীয়রা। রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা—ধানের শীষ প্রতীক এবার বড় ব্যবধানে এগিয়ে আছে।

স্থানীয় সূত্র বলছে, কয়েক দিন আগে নিউজ চ্যানেল বিডির এক প্রতিবেদন প্রচারের পর দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন করে তৎপরতা দেখা যায়। কেন্দ্র ও তৃণমূল পর্যায়ের নেতারা নিজেদের ভুল-ভ্রান্তি গুছিয়ে মাঠে নামেন। দীর্ঘ ১৭ বছর ভোট না দেওয়ার যে আক্ষেপ, সেটিকে শক্তিতে রূপান্তর করে দিন-রাত এক করে প্রচারণা চালাচ্ছেন তারা।

বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম ঘুরে জানা গেছে, গত তিন দিনে ভোটের হাওয়া দ্রুত বদলেছে। সাধারণ ভোটারদের মধ্যে ধানের শীষের প্রতি আস্থা বেড়েছে বলে দাবি করছেন নেতাকর্মীরা। তাদের ভাষ্য, এতদিন যে ‘নীরব ভোট’-এর কথা শোনা যাচ্ছিল, তা এবার প্রকাশ্য সমর্থনে রূপ নিচ্ছে।

এ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বিএনপি-সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ জাকির হোসেন দলীয় নেতাকর্মীরা জানান, ভোট সুষ্ঠু রাখতে এবং কেন্দ্র পাহারা দিতে তারা রাত জেগে দায়িত্ব পালন করছেন। সম্ভাব্য অনিয়ম ঠেকাতে কেন্দ্রভিত্তিক প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে দাবি তাদের।

কচুয়া উপজেলার এক সম্মানিত ভোটার নিউজ চ্যানেল বিডিকে বলেন, দেশব্যাপী বিএনপির যে ‘নীরব ভোট বিপ্লব’-এর আলোচনা চলছে, তার সূচনা হবে সকাল সাড়ে সাতটা থেকেই। তার দাবি, সাধারণ মানুষ গণজোয়ারের পক্ষে অবস্থান নিয়েছেন।

রাত পোহালেই শুরু হবে বহুল কাঙ্ক্ষিত ভোটগ্রহণ। শেষ মুহূর্তে ভোটারদের মনোভাব কতটা প্রভাব ফেলবে এবং ফলাফলে কত বড় ব্যবধান গড়ে উঠবে, তা জানার অপেক্ষায় এখন পুরো বাগেরহাট-২ আসন।

উল্লেখ্য, বাগেরহাট-২ আসনে স্বাধীনতার পর থেকে সরকারদলীয় প্রার্থীই সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। সকাল হলেই কি ঘটবে সেই ধারার পুনরাবৃত্তি, নাকি এবার বদলাবে ইতিহাস—সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ভোটারদের আলোচনায়।