বিদেশে উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি সুবিধা, প্রধানমন্ত্রীর নির্দেশনা

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিশেষ ঋণ সুবিধা চালু হচ্ছে

স্টাফ রিপোর্টার, ২৪ মার্চ ২০২৬, নিউজ চ্যানেল বিডি।

উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দেওয়ার নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি সাপোর্ট হিসেবে এই ঋণ দেওয়া হবে। এই সুবিধা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রদান করা হবে।

তিনি আরও বলেন, এই ১০ লাখ টাকার ঋণ সরাসরি নগদ হিসেবে দেওয়া হবে না। বরং বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় যেখানে আর্থিক সাপোর্টের প্রয়োজন হবে, যেমন নির্দিষ্ট কোনো ফি বা পেমেন্টের ক্ষেত্রে, ব্যাংক সরাসরি সেই অর্থ পরিশোধ করবে।

নুরুল হক নুর বলেন, সাধারণ ব্যাংক থেকে ঋণ নিতে গেলে নানা ধরনের জটিলতা ও ব্যাংক গ্যারান্টির প্রয়োজন হয়। কিন্তু বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যায়, তারা পরবর্তীতে সংশ্লিষ্ট দেশে কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হয়। এতে একদিকে দেশের শিক্ষিত তরুণরা আন্তর্জাতিক সুযোগ পাচ্ছে, অন্যদিকে তারা দেশে রেমিট্যান্স পাঠাচ্ছে।

তিনি জানান, এসব বিষয় বিবেচনায় নিয়ে গ্যারান্টি ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক সলভেন্সি সাপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।