তারেক রহমান আগামীকাল চাঁদপুর সফরে যাচ্ছেন

খাল পুনঃখনন উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ ও বিএনপির সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | ১৫ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন। এ সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা এবং জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেবেন।

শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেবেন তিনি।

এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পরে দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং এর উদ্বোধন করবেন।

দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

পরে বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র জেলা সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভাটি চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এ সফর শেষ হবে।