শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমি ভবনের ডে-কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে কেক কাটলেন, উপহার দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | ১৯ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর তেজগাঁও-এ অবস্থিত ভূমি ভবন-এর ডে-কেয়ার সেন্টারে শিশুদের সঙ্গে প্রাণোচ্ছ্বল সময় কাটিয়েছেন।

আজ সকাল সোয়া ১১টায় ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত ডে-কেয়ার সেন্টারটি পরিদর্শনে যান।

ডে-কেয়ার সেন্টারে প্রবেশের পরপরই শিশুদের সঙ্গে মিশে যান সরকারপ্রধান। ছোট্ট শিশুরা তাকে ঘিরে আনন্দে মেতে ওঠে। কেউ করমর্দন করে, কেউ খেলনার কাছে নিয়ে যায়, আবার কেউ নিজেদের আঁকা ছবি দেখাতে ব্যস্ত হয়ে পড়ে। প্রধানমন্ত্রীও মনোযোগ দিয়ে শিশুদের আঁকা ছবি দেখেন এবং প্রশংসা করেন।

এ সময় প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে কেক কাটেন এবং তাদের হাতে চকলেট, টফি, ললিপপ ও গিফট ব্যাগ তুলে দেন। শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজকে তোমাদের সবার জন্মদিন। আসো আমরা একসাথে কেক কাটি।”

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিশুরাও উচ্ছ্বাস প্রকাশ করে। ছোট্ট শিশু আরিবা প্রধানমন্ত্রীকে “খুব ভালো” ও “খুব সুইট” বলে উল্লেখ করে তার সঙ্গে কেক খাওয়ার আনন্দের কথা জানায়।

ডে-কেয়ার সেন্টারের কর্মকর্তা মাহিয়া তাসনুভ তামান্না শিশুদের পরিচর্যা ও সেবার বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী শিশুদের খাবার ও মানসিক বিকাশের বিষয়ে খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ঢাকাসহ সারা দেশে মোট ২০টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। চার থেকে ছয় বছর বয়সী শিশুরা এসব কেন্দ্রে সাড়ে ১০ ঘণ্টা সেবা পেয়ে থাকে। এ কেন্দ্রটিতে মোট ৬০ জন শিশুর মধ্যে আজ উপস্থিত ছিল ৫৫ জন।

ডে-কেয়ার সেন্টার পরিদর্শনের সময় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন-ও উপস্থিত ছিলেন।

শিশুদের সঙ্গে প্রায় ১৮ মিনিট সময় কাটিয়ে প্রধানমন্ত্রী বিদায়ের সময় হাত নেড়ে ‘টা-টা’ জানান। শিশুরাও হাত নেড়ে ও সালাম দিয়ে প্রধানমন্ত্রীকে বিদায় জানায়।