স্টাফ রিপোর্টার | ২১ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
তারেক রহমান রাজধানীর পল্লবী-তে নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তার-এর পরিবারের সঙ্গে দেখা করবেন।
আজ বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পল্লবীর উদ্দেশ্যে রওনা দেবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।
প্রেস উইং সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে তিনি রামিসার বাসায় পৌঁছাবেন। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেবেন এবং এ মর্মান্তিক ঘটনার বিষয়ে তাদের সঙ্গে কথা বলবেন।
এর আগে সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
পুলিশ সূত্রে জানা যায়, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে গত মঙ্গলবার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা নিজের কক্ষে ডেকে নিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
পরে রামিসার মস্তকবিহীন মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এবং বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্তের স্ত্রী স্বপ্না আক্তার-কে আটক করলেও সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার অভিযুক্ত ঢাকার একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে।





