স্টাফ রিপোর্টার | ২২ মে ২০২৬ | নিউজ চ্যানেল বিডি
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ চালক তৈরি, আনফিট যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার কুমিল্লা জেলা প্রশাসন ও বিআরটিএ ট্রাস্টি বোর্ড আয়োজিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চেক বিতরণ ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে প্রতিবছর প্রায় ৪০০০ থেকে ৪৫০০ মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। আনফিট যানবাহন, অদক্ষ চালক ও জনসচেতনতার অভাবকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে তিনি জানান, এসব বিষয়ে কঠোর নজরদারি ও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানালেই হবে না; পরিবহন মালিক, চালক এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। ত্রুটিপূর্ণ যানবাহন রাস্তায় নামানো যাবে না এবং দক্ষ চালকের হাতেই যানবাহনের দায়িত্ব দিতে হবে।
মহাসড়কের ঝুঁকিপূর্ণ ইন্টারসেকশনগুলোতে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ, নিরাপদ ইউটার্ন সুবিধা বৃদ্ধি এবং সড়ক সম্প্রসারণের মাধ্যমে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, রাষ্ট্র হারিয়ে যাওয়া স্বজন ফিরিয়ে দিতে না পারলেও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি নিহত হলে সেই পরিবারকে কীভাবে পুনর্বাসন করা যায়, সরকার তা নিয়ে কাজ করছে। শিক্ষা, চাকরি ও অন্যান্য সেবায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারের পাশাপাশি জনগণের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাফিক আইন মেনে চলা, দক্ষ চালক তৈরি এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ট্রাস্টি বোর্ডের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের মাঝে মোট ১১৯টি চেকের মাধ্যমে ৪ কোটি ৮৯ লাখ টাকা বিতরণ করা হয়।
মু. রেজা হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরুল হক চৌধুরী, ড. মোহাম্মদ জিয়াউল হক, মোহাম্মদ হাবীবুর রহমান, মো. আফজাল হোসেন, ইউসুফ মোল্লা টিপু এবং মোস্তাক মিয়াসহ অন্যান্যরা।
এর আগে সকালে আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে মেঘনা-গোমতী সেতু টোল প্লাজা পরিদর্শন করেন মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি টোল প্লাজার সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং যাত্রীসেবা আরও কার্যকর করতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।





