
জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে ইসিকে পত্র পাঠাল প্রধান উপদেষ্টার কার্যালয়
ঢাকা, ৬ আগস্ট ২০২৫ (বাসস) : ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে পত্র পাঠিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
আজ প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো চিঠিতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান।
এর আগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রোজার আগে নির্বাচন আয়োজনের ঘোষণা দেন এবং দ্রুত ইসিকে চিঠি পাঠানোর কথা জানান।
পত্রে উল্লেখ করা হয়েছে, বিগত ১৫ বছরে নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার প্রেক্ষাপটে এবারকার নির্বাচন যেন “মহা-আনন্দের ভোট উৎসব” হিসেবে স্মরণীয় হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। প্রধান উপদেষ্টা নির্বাচনকে শান্তি-শৃঙ্খলা, সৌহার্দ্য ও আন্তরিকতার এক অবিস্মরণীয় উৎসব হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
এছাড়া প্রযুক্তির যথাযথ ব্যবহার ও সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনে কার্যক্রম শুরু করার আহ্বান জানানো হয়েছে।





