জিয়াউর রহমানকে জননন্দিত রাজনৈতিক নেতায় রূপ দিতে যাদু মিয়ার ভূমিকা অনস্বীকার্য: তথ্যমন্ত্রী

বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তি নির্মাণেও মশিউর রহমান যাদু মিয়ার অবদান স্মরণ

স্টাফ রিপোর্টার | ২১ জুলাই ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন সামরিক কর্মকর্তা থেকে জননন্দিত রাজনৈতিক নেতায় রূপান্তর এবং বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনের ভিত্তিমূল গঠনে মশিউর রহমান যাদু মিয়ার রাজনৈতিক অবদান ছিল অনস্বীকার্য।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মশিউর রহমান যাদু মিয়ার ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জননেতা মশিউর রহমান যাদু মিয়া স্মৃতি জাতীয় কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের পর দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা ও সংকট তৈরি হয়েছিল, সেই সময়ে বিভিন্ন রাজনৈতিক ধারা দিকনির্দেশনাহীন হয়ে পড়লেও যাদু মিয়া দূরদর্শিতার সঙ্গে ভবিষ্যৎ জাতীয়তাবাদী রাজনীতির পথরেখা তৈরি করেছিলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যাদু মিয়ার প্রজ্ঞা, চিন্তা ও রাজনৈতিক কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিএনপির প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশেও তাঁর অবদান স্মরণীয়।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, যাদু মিয়ার দূরদর্শী সিদ্ধান্তের ধারাবাহিকতায় বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ ঘটেছে। তাঁর রাজনৈতিক দর্শন ভবিষ্যতের রাজনীতিতেও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন তিনি।

বিশিষ্ট ছড়াকার আবু সালেহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাহবুব উল্লাহ। স্মারক বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক ড. ক্যাপ্টেন এম. রেজাউল করিম চৌধুরী।

এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, সাবেক মন্ত্রী ও জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ দিদার বখত, জ্যেষ্ঠ সাংবাদিক গাজীউল হাসান খান, মোস্তফা কামাল মজুমদার এবং রাজনৈতিক বিশ্লেষক রিটা রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা মশিউর রহমান যাদু মিয়ার রাজনৈতিক জীবন, আদর্শ ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।