✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮
✮

মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার | ২০ অক্টোবর ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তিনি।

এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও পথসভা

সৈয়দপুর থেকে সড়কপথে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রংপুরে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।

রাজশাহী ও চট্টগ্রামেও পূজামণ্ডপ পরিদর্শন

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, রংপুরের কর্মসূচি শেষে দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন তিনি। রাজশাহীতে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন।

বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জনসভায় যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে তাঁর। এরপর বিকেল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামে পৌঁছে জেএম সেন হল ও রহমতগঞ্জ এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি শেষে রাত ৭টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তাঁর। রাত ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সকালে ঢাকা মহানগরীর পূজামণ্ডপ পরিদর্শন

এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী রাজধানীর মহাখালী ও বনানী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার শারদীয় দুর্গাপূজার মহানবমী। পরদিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।