শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার: চিফ প্রসিকিউটর

আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে: মো. আমিনুল ইসলাম

স্টাফ রিপোর্টার | ১৭ আগস্ট ২০২৬ | নিউজ চ্যানেল বিডি

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোমবার চিফ প্রসিকিউটর বলেন, ‘আমরা আইনি লড়াই করে তাকে (শেখ হাসিনাকে) আনার জন্যই ইতিমধ্যে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে আবেদন করেছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে আবেদন, এটা একটি আইনি প্রক্রিয়া। সে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে আনার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।’

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

২০২৪ সালের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।