বাগেরহাটে জলাতঙ্ক প্রতিষেধক ইনজেকশনের সংকট, চরম ভোগান্তিতে রোগীরা

বাগেরহাট হাসপাতালে রেবিক্স ভেক্সিন ইনজেকশনের সংকট

Posted by:

on

আজাদ রুহুল আমিন বিশেষ প্রতিনিধি বাগেরহাট

বাগেরহাট, ৩০ সেপ্টেম্বর ২০২৫:

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে দীর্ঘ তিন মাস ধরে কুকুর ও বিড়ালে কামড়ানো রোগীদের জন্য জলাতঙ্ক প্রতিষেধক রেবিক্স ভেক্সিন ইনজেকশন নেই। ফলে চিকিৎসা নিতে এসে রোগীরা খালি হাতে ফিরে যাচ্ছেন, পড়ছেন চরম বিপাকে।

ভুক্তভোগীরা জানাচ্ছেন, হাসপাতাল থেকে প্রতিষেধক না পেয়ে তাদেরকে বাইরে ফার্মেসি থেকে প্রতিটি ৫ শত টাকা দিয়ে ইনজেকশন কিনতে হচ্ছে। বিশেষ করে গরীব ও অসহায় রোগীদের জন্য এই খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের কর্মচারীরাও বিড়ম্বনার শিকার হচ্ছেন।

বন্যপ্রাণী আইনে কুকুর নিধন নিষিদ্ধ থাকায় শহর ও শহরতলীর অলিগলিতে কুকুরের পাল ঘুরে বেড়াচ্ছে। তারা হঠাৎ তেড়ে আসায় অনেক সময় মানুষ আতঙ্কিত হন এবং কামড়ের শিকারও হচ্ছেন বলে জানিয়েছেন বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি শেখ সাহেদ আলি রবি।

বাগেরহাট পৌরসচিব মাসুম বিল্লাহ বাসসকে জানান, অনেক রোগী ইনজেকশন নিতে আসলেও তাদের কাছে কোনো স্টক নেই।

২৫০ শয্যা হাসপাতালের পরিচালক ডা. অসিম কুমার সমদ্দার বলেন, “হাসপাতালে বর্তমানে রেবিক্স ভেক্সিন সরবরাহ নেই। তবে জনভোগান্তি কমাতে চাহিদাপত্র পাঠানো হয়েছে। সরকারি সাপ্লাই এলে জনসাধারণ ইনজেকশন পাবেন।”