আজাদ রুহুল আমিন, বিশেষ প্রতিনিধি (বাগেরহাট)
বাগেরহাট, ১৪ অক্টোবর ২০২৫: নিউজ চ্যানেল বিডি
বাগেরহাটের কচুয়া উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মিন্টু শিবপুর গ্রামের সরদার আবু বক্কারের ছেলে। তাঁর দুই স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুই বিয়ের কারণে মিন্টুর সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। সোমবার গভীর রাতে বড় স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে বাইরে থেকে ৮–১০ জন দুর্বৃত্ত এসে মিন্টুকে মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।





