আজাদ রুহুল আমিন বিশেষ প্রতিনিধি | ২৪ অক্টোবর ২০২৫ | নিউজ চ্যানেল বিডি
বাগেরহাটে বাসচাপায় মো. শামীম তালুকদার (৩০) নামের এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম তালুকদার শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মতি তালুকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শহরের মেগনিতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন শামীম। এ সময় ঢাকা থেকে আসা ফাল্গুনি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যায়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল হাসান বলেন,
“চাপা দেওয়া বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে। পরিবারের ইচ্ছানুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”





