স্টাফ রিপোর্টার | ২৬ অক্টোবর ২০২৫, রোববার | নিউজ চ্যানেল বিডি
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, নিহত ব্যক্তির নাম আবুল কালাম, তার গ্রামের বাড়ি শরীয়তপুরে। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) ভবনের সামনে ৪৩৩ নম্বর পিলারের বিয়ারিং প্যাড পড়ে তার মৃত্যু হয়। নিহতের সঙ্গে থাকা একটি পাসপোর্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আবুল কালাম ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঠিক সেই সময় ওপর থেকে ভারী বিয়ারিং প্যাডটি তার মাথায় পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এ ঘটনার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কখন পুনরায় চালু হবে, তা এখনো নিশ্চিত নয়।
এর আগেও গত বছর সেপ্টেম্বরে ফার্মগেট এলাকায় একই ধরনের ঘটনা ঘটেছিল, যখন একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ১১ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরপর দুইবার একই ধরনের দুর্ঘটনা ঘটায় মেট্রোরেলের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, মেট্রোরেলের উড়াল পথের পিলারগুলোর সঙ্গে রাবারের তৈরি বিয়ারিং প্যাড সংযুক্ত থাকে, যা পিলারের ভারসাম্য রক্ষা করে। প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন আনুমানিক ১৪০ থেকে ১৫০ কেজি। এগুলো ছাড়া ট্রেন চালালে উড়াল পথ দেবে যাওয়া বা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে।
ডিএমটিসিএল সূত্র জানায়, এ কারণেই ঘটনাস্থলের আশপাশে ট্রেন চলাচল বন্ধ রেখে জরুরি নিরাপত্তা পরীক্ষা চলছে।





